আদালতের নির্দেশ অমান্য করায় ইউএনওর কাছে ব্যাখ্যা চাইলেন বিচারক

Megna Tv

১৩ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
সংগৃহীত ছবি

ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের মামলায় আদালতের রায় কার্যকর না করায় নওগাঁর মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মানজুরা মুশাররফের কাছে ব্যাখ্যা চেয়েছেন আদালত।

একই সঙ্গে আদালত অবমাননার দায়ে কেন তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে না, তা ১০ আগস্টের মধ্যে লিখিতভাবে জানাতে বলা হয়েছে।

নওগাঁর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক মো. মোনাদিন হক গত ২৩ জুলাই এ আদেশ দেন। গত সোমবার (২৭ জুলাই) আদেশে স্বাক্ষর করেন বিচারক।

আদালত সূত্রে জানা গেছে, উপজেলার দোহালী গ্রামের বুলবুলি চৌধুরী একই গ্রামের মিন্টু কুমার মণ্ডলের বিরুদ্ধে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর ৯ ধারায় একটি মামলা করেন। মামলার অভিযোগে বলা হয়, ২০২৩ সালের অক্টোবরে মিন্টুর কাছ থেকে জমি কিনে নামজারি ও খাজনা পরিশোধ করলেও মিন্টু জমির দখল বুঝিয়ে দিচ্ছিলেন না। এ নিয়ে গত ২৩ মে আদালত রায় দেন। রায়ে মিন্টুকে ছয় মাসের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ১৫ কার্যদিবসের মধ্যে নালিশি জমির (০.০২২৫ একর) দখল ফরিয়াদিকে বুঝিয়ে দিতে মহাদেবপুর ইউএনওকে নির্দেশ দেন আদালত।

৭ জুন আদালতের ওই আদেশের কপি ইউএনও কার্যালয়ে পৌঁছালেও গত দেড় মাসে তা কার্যকর হয়নি। এ নিয়ে ফরিয়াদি বুলবুলি চৌধুরী অভিযোগ করেন যে, বারবার অনুরোধ করার পরও ইউএনও তাকে জমির দখল বুঝিয়ে দেননি।

বিচারক তার আদেশে উল্লেখ করেন, ১৫ কার্যদিবসের মধ্যে আদালতের নির্দেশ প্রতিপালন করে তা আদালতকে অবগত করার কথা থাকলেও ইউএনও তা করেননি, যা আদালত অবমাননার শামিল। এ অবস্থায় আদালতের বৈধ আদেশ পালন না করায় কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, তার লিখিত ব্যাখ্যা ১০ আগস্টের মধ্যে দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।

জানতে চাইলে চিঠি পাওয়ার কথা স্বীকার করেছেন মহাদেবপুর ইউএনও মানজুরা মুশাররফ। তিনি মুঠোফোনে কালবেলাকে বলেন, কারণ দর্শানো বা শোকজ নোটিশ নয়। ব্যাখা চেয়েছেন। যথাসময়ে আদালতে দাখিল করা হবে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

জাজিরায় পদ্মার ভাঙনে আতঙ্ক বাড়ছে জনমনে

#

ধেয়ে আসছে নিম্নচাপ, তাপপ্রবাহের সঙ্গে হানা দিতে পারে বজ্রঝড়ও

#

দেশে একদিন পরই স্বর্ণের দামে বড় লাফ

#

‘মজুদদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, তাই ভেবে মজুদ করবেন’

#

৪ মন্ত্রণালয়-বিভাগে নতুন সচিব নিয়োগ

Link copied