বিসিক উদ্যোক্তাদের জন্য ২ হাজার কোটি টাকার ঋণ তহবিল হচ্ছে: শিল্পমন্ত্রী

Megna Tv

২৯ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
সংগৃহীত ছবি

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) তালিকাভুক্ত ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য ২ হাজার কোটি টাকার একটি বড় ঋণ তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে শিল্প মন্ত্রণালয়। মঙ্গলবার (১৪ এপ্রিল) বাংলা একাডেমি প্রাঙ্গণে সাত দিনব্যাপী ‘বৈশাখী মেলা ১৪৩৩’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এ তথ্য জানান।

বিসিক ও বাংলা একাডেমির যৌথ উদ্যোগে আয়োজিত এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

শিল্পমন্ত্রী বলেন, ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তায় আমরা সম্প্রতি একটি ক্রেডিট সংস্থার মাধ্যমে ৩০০ কোটি টাকার ঋণের ব্যবস্থা করেছি। আমাদের লক্ষ্য এটিকে ২ হাজার কোটি টাকায় উন্নীত করা, যাতে তৃণমূলের উদ্যোক্তারা সহজে পুঁজি সংগ্রহ করতে পারেন।

দেশের অর্থনীতির প্রকৃত চিত্র তুলে ধরে শিল্পমন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনীতির মাত্র ১৫ শতাংশ আনুষ্ঠানিক বা ফরমাল সেক্টরের অন্তর্ভুক্ত। বাকি ৮৫ শতাংশই ইনফরমাল বা অনানুষ্ঠানিক অর্থনীতি, যার মূল চালিকাশক্তি হলেন কুটির ও ক্ষুদ্র উদ্যোক্তারা (এমএসএমই)। তিনি আরও উল্লেখ করেন, বড় ব্যবসায়ীদের ক্ষেত্রে ঋণ খেলাপের ঝুঁকি থাকলেও ক্ষুদ্র উদ্যোক্তারা শতভাগ ঋণ পরিশোধের নজির রেখেছেন। প্রচলিত হারের চেয়ে প্রায় অর্ধেক সুদে তাদের এই ঋণ দেওয়া হচ্ছে বলে তিনি জানান।

এবারের নববর্ষ উদযাপনের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বিগত দেড় দশকে পহেলা বৈশাখ মানেই ছিল এক ধরনের নিরাপত্তা আতঙ্ক। কড়া নিরাপত্তা বেষ্টনী ছাড়াই এবার দেশবাসী উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে নববর্ষ বরণ করে নিচ্ছে। তিনি মনে করেন, এটিই বাঙালির স্বাভাবিক জীবনযাত্রার প্রতিফলন এবং এতেই প্রমাণ হয় এ দেশের মানুষ কতটা শান্তিপ্রিয়।

বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিসিক চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংস্কৃতি সচিব কানিজ মওলা, বাংলা একাডেমির সভাপতি আবুল কাসেম ফজলুল হক এবং শিল্প সচিব ওবায়দুর রহমান।

সাত দিনব্যাপী এই বৈশাখী মেলায় বিসিকের কয়েকশ ক্ষুদ্র উদ্যোক্তা তাদের উৎপাদিত পণ্য ও কারুকর্ম নিয়ে অংশ নিচ্ছেন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied