ডেমোক্র্যাটিক পার্টির জাতীয় সম্মেলন মঞ্চে বাইডেনের কান্না
২৬ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
কমলা হ্যারিসকে জয়ী করতে মার্কিন ভোটারদের প্রতি জো বাইডেনের আহ্বান। ছবি: রয়টার্স।
যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগোয় ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলন শুরু হয়েছে। স্থানীয় সময় সোমবার ( ১৯ আগস্ট) রাতে সম্মেলনে ভাষণ দিতে মঞ্চে উঠে আবেগাপ্লুত হয়ে পড়েন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এদিকে সম্মেলনের প্রথম দিনই আচমকা মঞ্চে এসে সবাইকে চমকে দেন কমলা হ্যারিস। এ সময় নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করার অঙ্গীকার করেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
বাইডেন যখন মঞ্চ উঠেন তখন তার চোখ বেয়ে পানি ঝরছিল। মঞ্চে উঠার সঙ্গে সঙ্গেই ‘ধন্যবাদ জো’ বলে স্লোগান দিতে থাকে জনতা। সেই সঙ্গে কয়েক মিনিট ধরে দাঁড়িয়ে থেকে বাইডেনকে করতালির মাধ্যমে অভিবাদন জানায় তারা।
সম্মেলনে বাইডেন বলেন, প্রেসিডেন্ট হিসেবে দেশের সেবা করতে পারাটা তার জন্য সম্মানের। এই কাজকে তিনি ভালোবাসেন। তবে সবচেয়ে বেশি ভালোবাসেন দেশকে।
আগামী প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়াতে বাইডেনকে চাপ দিয়েছিলেন ডেমোক্র্যাটিক পার্টির অনেক নেতা। তিনি তাদের প্রতি ক্ষুব্ধ বলে যেসব কথা বলা হচ্ছে, তা সত্য নয় বলে উল্লেখ করেন বাইডেন।
প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিসকে জয়ী করতে মার্কিন ভোটারদের প্রতি আহ্বান জানান বাইডেন।
সম্মেলনে বাইডেন প্রেসিডেন্ট হিসেবে তার বিভিন্ন কাজের কথা তুলে ধরেন। বলেন, আরও উন্নত যুক্তরাষ্ট্র তৈরিতে তারা কাজ করে যাচ্ছেন।
জো বাইডেনের বক্তব্যের পরে কমলা হ্যারিসের বক্তব্য দেওয়ার কথা ছিল। তবে তার আগেই সেখানে উপস্থিত হয়ে সবাইকে চমকে দেন কমলা। বাইডেনের ঐতিহাসিক নেতৃত্বের জন্য তাকে ধন্যবাদ জানাতে নির্ধারিত সময়ের আগে সম্মেলনে আসেন বলে জানান তিনি। বাইডেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য শুরু করেন তিনি। এসময় সমবেত জনতার উদ্দেশে কমলা বলেন, ‘আমরা যুদ্ধ করি, আমরা জিতে যাই।’
আগামী বৃহস্পতিবার প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ডেমোক্র্যাটিক পার্টির আনুষ্ঠানিক মনোনয়ন গ্রহণ করবেন কমলা। নভেম্বরের নির্বাচনে জিতলে কৃষ্ণাঙ্গ এবং এশীয় ঐতিহ্যের কমলা হ্যারিসই হবেন যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট।