প্রতি বর্ষায় তিস্তার তাণ্ডব, স্থায়ী সমাধানের অপেক্ষায় নদীপাড়ের মানুষ
৪ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
প্রতিবেদন: আরিফুল ইসলাম আরিফ,
তিস্তার ভাঙনে নিঃস্ব হাজারো পরিবার, চরম দুর্ভোগে নদীপাড়ের মানুষ
প্রতিবছরের মতো এবারও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফুলে-ফেঁপে উঠেছে তিস্তা নদী। পানি বৃদ্ধি পেয়ে তলিয়ে গেছে বিস্তীর্ণ কৃষিজমি। পানির নিচে চলে গেছে আমন ধানের বীজতলা, সবজি ক্ষেতসহ বিভিন্ন ফসলি জমি। এতে ক্ষতির মুখে পড়েছেন তিস্তা তীরবর্তী হাজারো কৃষক।
বন্যার পানি নামতে না নামতেই শুরু হয়েছে নতুন করে নদীভাঙন। নদীগর্ভে বিলীন হচ্ছে বসতভিটা, আবাদি জমি ও গ্রামীণ সড়ক। প্রতি বর্ষাতেই বন্যা ও ভাঙনের শঙ্কায় দিন কাটান তিস্তা পাড়ের মানুষ। স্থানীয়দের অভিযোগ, স্থায়ী সমাধানের অভাবে বছরের পর বছর একই দুর্ভোগের শিকার হতে হচ্ছে তাদের।
স্থানীয়দের দাবি, ত্রাণ কিংবা সাময়িক সহায়তা নয়, তিস্তা মহাপরিকল্পনার দ্রুত বাস্তবায়নই পারে তাদের দীর্ঘদিনের দুর্ভোগের স্থায়ী সমাধান দিতে। পাশাপাশি নদীতীর রক্ষায় টেকসই বাঁধ নির্মাণ ও কার্যকর ভাঙন প্রতিরোধ ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানান তারা।
এদিকে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ঝুঁকিপূর্ণ এলাকায় নদীতীর সংরক্ষণ ও বাঁধ নির্মাণের কাজ চলমান রয়েছে। পর্যায়ক্রমে স্থায়ী সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় প্রকল্প বাস্তবায়নের উদ্যোগও নেওয়া হচ্ছে।
মোঃ রবিউল ইসলাম, প্রধান প্রকৌশলী, রংপুর পানি উন্নয়ন বোর্ড।
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি আজকের নয়। বছরের পর বছর ধরে একই দাবিতে আন্দোলন করে আসছেন নদীপাড়ের মানুষ। তাদের প্রত্যাশা, ভবিষ্যতে আর কোনো বর্ষায় বন্যা ও নদীভাঙনের আতঙ্ক নিয়ে নয়, নিরাপদ ও স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন তারা।