জয়ের ধারায় ফিরেছে বাংলাদেশ
৭ দিন আগে বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬
দাবা অলিম্পিয়াডে বাংলাদেশ।
হাঙ্গেরির বুদাপেস্ট শহরে ৪৫তম ফিদে দাবা অলিম্পয়াডের তৃতীয় রাউন্ডের খেলায় বাংলাদেশের উভয় দল জয় পেয়েছে। ওপেন বিভাগে বাংলাদেশ ৩.৫-০.৫ গেম পয়েন্টে সাইপ্রাসকে এবং নারী বিভাগে ৩.৫-০.৫ গেম পয়েন্টে বার্বাডোজকে হারিয়েছে।
আগের রাউন্ডে বাংলাদেশ হেরেছিল। তৃতীয় রাউন্ডের খেলায় ওপেন বিভাগে বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ, গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব ও ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া যথাক্রমে সাইপ্রাসের ফিদে মাস্টার মিচেইডেহ কন্সটেনটিনোস, ক্যান্ডিডেট মাস্টার মাস্টার সাভভা পানিকোস ও কেফালাস লোউকাসকে হারিয়েছেন। ফিদে মাস্টার মনন রেজা নীড় ইসাকিডিস লোউকাসের সঙ্গে ড্র করেন।
মহিলা বিভাগে মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম, মহিলা ফিদে মাস্টার ওয়াদিফা আহমেদ ও মহিলা আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ যথাক্রমে বার্বাডোজের মহিলা ক্যান্ডিডেট মাস্টার উইলসন হান্না, মহিলা ক্যান্ডিডেট মাস্টার রেইফার-বেল্লি চেনোন ও স্পিনার লেসহাইয়ের বিপক্ষে জয়ী হয়েছেন। মহিলা ক্যান্ডিডেট মাস্টার নুশরাত জাহান আলো মহিলা ক্যান্ডিডেট মাস্টার ব্ল্যাকমেন কাট্টিনার সঙ্গে ড্র করেন।
শনিবার চতুর্থ রাউন্ডে ওপেন বিভাগে বাংলাদেশ দল ফ্রান্স ও নারী বিভাগে অস্ট্রিয়ার সঙ্গে খেলবে। বাংলাদেশের উভয় দল তিন খেলায় চার পয়েন্ট করে অর্জন করেছে।