প্রায় প্রতি মৌসুমেই অঘটন ঘটানোর জন্য এফএ কাপের জুড়ি মেলা ভার। গতকাল শনিবার রাতে ইংল্যান্ডের এ টুর্নামেন্টে তেমনই এক অঘটনের শিকার হয়েছে ক্রিস্টাল প্যালেস। ‘অখ্যাত’ ম্যাকলেসফিল্ডের কাছে ২-১ ব্যবধানে হেরে তৃতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ক্রিস্টাল প্যালেস। আর প্যালেসের বিদায়কে এফএ কাপের ১৫৪ বছরের ইতিহাসে সবচেয়ে বড় অঘটন হিসেবে দেখা হচ্ছে।
কেন বড় অঘটন বলা হচ্ছে- সেটা দুদলের শক্তির পার্থক্য বা অবস্থানের দিকে তাকালে সহজেই স্পষ্ট। একদিকে ক্রিস্টাল প্যালেস, যারা এফএ কাপের বর্তমান চ্যাম্পিয়ন, খেলছে ইংল্যান্ডের শীর্ষ লিগ প্রিমিয়ার লিগে। অন্যদিকে প্যালেসের চেয়ে ইংল্যান্ড পিরামিডে ১১৭ ধাপ পেছনে থাকা ম্যাকলেসফিল্ড খেলছে নন-লিগে, ইংল্যান্ডের ষষ্ঠ স্তরে।
ম্যাকলেসফিল্ডই প্রথম দল, যারা এফএ কাপে নিজেদের চেয়ে পাঁচ স্তর ওপরের কোনো দলকে হারাল। ম্যাকলেসফিল্ডের এমন ইতিহাসের দিনে ফিরে আসছে ক্রিস্টাল প্যালেসের নামও। এর আগে ক্রিস্টাল প্যালেসই ছিল একমাত্র দল, যারা নন লিগে খেলার সময় ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিদায় করেছিল। সেটা অবশ্য ১৯০৯ সালে। ১১৭ বছর আগে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন উলভারহ্যাম্পটনকে বিদায় করেছিল ওই সময় নন-লিগে খেলা প্যালেস। এবার ‘চ্যাম্পিয়ন’ প্যালেসকে বিদায় করে রূপকথার জন্ম দিল ম্যাকলেসফিল্ড।
ম্যাকলেসফিল্ডের উত্থানটাও বেশ চমকপ্রদ। ১৮৭৪ সালে প্রতিষ্ঠিত ক্লাবটি ২০২০ সালে এসে দেনায় দায়ে জর্জরিত হয়ে পড়ে। ৫ লাখ পাউন্ডের বেশি দেনায় ডুকে থাকা ক্লাবটি দেউলিয়া হয়ে গেলে ন্যাশনাল লিগ থেকে বহিষ্কৃত হয়। ক্লাবটির সম্পত্তি বিক্রির জন্য নিলামে তোলা হয়েছিল। এর মধ্যে মস রোজ স্টেডিয়ামও ছিল।
এমন পরিস্থিতিতে ২০২০ সালের অক্টোবরে ক্লাবের মালিকানা কিনে নেন স্টকপোর্ট টাউনের মালিক রবার্ট স্মেথার্স্ট। শুরুতেই তিনি লক্ষ্যের কথা জানিয়ে দেন। ‘ফিনিক্স ক্লাব’ হিসেবে ম্যাকলেসফিল্ডের মাধ্যমে শহরে আবার পেশাদার ফুটবল ফেরানোর প্রতিশ্রুতি দেন তিনি। মালিকানা নিয়েই ক্লাবের বোর্ড সদস্য হিসেবে ওয়েলশের সাবেক পেশাদার ফুটবলার রববি স্যাভেজকে নিয়োগ দেন স্মেথার্স্ট। পাশাপাশি ম্যানেজারের দায়িত্ব দেন ড্যানি হুইটাকারকে। একইসঙ্গে স্টেডিয়ামের সংস্কার কাজও পরিচালনা করেন তিনি।
২০২১-২২ মৌসুমে ইংলিশ ফুটবলের নবম স্তরে উঠে আসে ম্যাকলেসফিল্ড, একইসঙ্গে আবার ন্যাশনাল লিগে তালিকাভুক্ত হয়। পরের চার মৌসুমে আরও তিন ধাপ আগায় ক্লাবটি। আর ষষ্ঠ স্তরে থাকতেই গতকাল ইতিহাসের পাতায় নাম লেখায় ম্যাকলেসফিল্ড।
