আবু সাঈদ হত্যা, সাবেক আইজিপিসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা
২৯ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন আবু সাঈদ। ছবি : সংগৃহীত
রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ নিহতের ঘটনায় প্রায় এক মাস পর আদালতে মামলার আবেদন করেছেন তার বড় ভাই রমজান আলী।
রোববার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে তাজহাট মেট্রোপলিটন আমলি আদালতে এ আবেদন করেন। শুনানি শেষে আদালতের বিচারক রাজু আহমেদ তাজহাট থানাকে মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন।
মামলার আবেদনে আসামি করা হয়েছে, তৎকালীন পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, রংপুর ডিআইজি আব্দুল বাতেন, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মনিরুজ্জামান, উপপুলিশ কমিশনার আবু মারুফ হোসেন, সহকারী পুলিশ কমিশনার আরিফুজ্জামান, সহকারী পুলিশ কমিশনার ইমরান হোসেন, থানার ওসি রবিউল ইসলাম, পুলিশের এএসআই সৈয়দ আমীর আলী, সুজন চন্দ্র রায়।
আইনজীবী রায়হানুজ্জামান বলেন, আমরা ১৭ জনের নাম উল্লেখ করে মামলার আবেদন করলে আদালত শুনানি শেষে তাজহাট থানাকে মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন।
গত ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। এ ঘটনায় ১৭ জুলাই বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিভূতি ভূষণ বাদী হয়ে একটি মামলা করেন। সেই মামলার আসামি করা হয়েছিল আন্দোলনকারীদের।
#NP/AS24