অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানালো তরীকত ফেডারেশন
৩ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
বাংলাদেশ তরীকত ফেডারেশন
শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়াকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ তরীকত ফেডারেশন। মঙ্গলবার (১৩ আগস্ট) এক বিবৃতিতে অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানান তরীকত ফেডারেশনের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ নজীবুল বশর মাইজভান্ডারী ও ভারপ্রাপ্ত মহাসচিব আলহাজ্ব মুহাম্মদ আলী ফারুকী।
বিবৃতিতে ফেডারেশনের নেতারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দলনে নিহত ছাত্র, সাংবাদিক, পুলিশ ও শিশুসহ সাধারণ মানুষের রুহের মাগফিরাত কামনা করেন। একইসঙ্গে প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার সুনিশ্চিতের আহ্বান জানান।নেতারা বলেন, ইতোমধ্যে কিছু দুস্কৃতকারী বাংলাদেশের বিভিন্ন দরবার, দরগাহ, মাজার এবং খানকায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে, যার কারণে আমরা উদ্বিগ্ন। একইসঙ্গে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ ভিন্ন ধর্মাবলম্বীদের উপাসনালয়, বাড়ি-ঘর ও সরকারি-বেসরকারি এবং স্বাধীনতার স্বপক্ষের বিভিন্ন স্থাপনা ও জাদুঘরে হামলাও কোনভাবেই মেনে নেওয়া যায় না। অন্তর্বর্তী সরকারকে অতি দ্রুত কঠোর কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে দেশের আইনশৃঙ্ক্ষলা নিয়ন্ত্রণে আনার দাবি জানাচ্ছি।
কোনও স্বার্থান্বেষী মহল ফায়দা হাসিল করতে, ছাত্র-জনতার আন্দোলনের এই অর্জন ভিন্ন দিকে প্রবাহিত করতে না পারে, সে বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও সরকারের প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টাকে সচেতন থাকার আহ্বান জানান।