নভেম্বর থেকে পলিথিন উৎপাদনকারীদের বিরুদ্ধে অভিযান
১৬ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
বক্তব্য দিচ্ছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান
ধাপে ধাপে পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধ করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, আগামী ১ অক্টোবর থেকে শপিংমল এবং ১ নভেম্বর থেকে কাঁচা বাজারে পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধের উদ্যোগ নেওয়া হবে। ১ নভেম্বর থেকে পলিথিন উৎপাদনকারীদের বিরুদ্ধে অভিযান চলবে।
রবিবার (২৯ সেপ্টেম্বর) নিষিদ্ধ পলিথিন ব্যাগের বিকল্প পণ্যসামগ্রী নিয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিবেশ অধিদফতর আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেনসৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘সতর্ক করার এবং কঠোর হওয়ার সময় পার হয়ে গেছে। তবে অভিযানে মূল লক্ষ্য শাস্তি না। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে তারিখ নির্ধারণ করা হয়েছে। আশা করি, পলিথিন ব্যবহার বন্ধে অভিযানই করতে হবে না। তবে আইন অনুযায়ী পলিথিন বর্জনের কার্যক্রম ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।’
পলিথিন নিষিদ্ধের সিদ্ধান্ত বাস্তবায়নে শিক্ষার্থীরা তদারকি করবেন বলে জানান পরিবেশ উপদেষ্টা। তিনি বলেন, ‘শিক্ষার্থীরা পলিথিন ব্যবহার বন্ধে উদ্বুদ্ধ করার কাজ করবে। এছাড়া বিভিন্ন সুপারশপে গিয়ে প্রাথমিকভাবে মনিটর করবে তারা।’
তিনি বলেন, ‘আন্তর্জাতিকভাবেই পলিথিনের ক্ষতির মাত্রা প্রমাণিত। পলিথিনের বিকল্প হিসেবে পাট, কাপড় ও কাগজ ব্যবহার করা যেতে পারে।’
এর আগে পরিবেশ উপদেষ্টা নিষিদ্ধ পলিথিন ব্যাগের বিকল্প পণ্যসামগ্রীর মেলা উদ্বোধন করেন এবং ২৪টি স্টল ঘুরে দেখেন। মেলায় সরকারি ও বেসরকারি উদ্যোক্তারা পরিবেশবান্ধব পণ্য প্রদর্শন করেন। এতে পুনঃব্যবহারযোগ্য ব্যাগ, পাটের ব্যাগ, কাগজের ব্যাগ, বাঁশ ও বেতের তৈরি পণ্য প্রদর্শিত হয়।
সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন– পরিবেশ সচিব ড. ফারহিনা আহমেদ, পরিবেশ অধিদফতরের মহাপরিচালক ড. আবদুল হামিদ, পরিচালক রাজিনারা বেগম, দোকান মালিক সমিতির সভাপতি মুহাম্মদ হেলাল উদ্দিন, এসডো মহাসচিব ড. শাহরিয়ার হোসেন এবং বিইউপি পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. আরিফুর রহমান ভূঁইয়া প্রমুখ।
বক্তারা পলিথিনের ক্ষতি এবং বিকল্প পণ্যের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন।